Saturday, December 27, 2025

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

 

                                                                                                  
 দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আগের দিন দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সোমবার রাত বা পরদিন মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমতে পারে।এ সময় দেশের কিছু অঞ্চলে ফিরে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহও। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের কোনো কোনো অঞ্চলে আবার দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহও ফিরে আসতে পারে।ওমর ফারুক জানান, আগামী মাসে, অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে দেশে কুয়াশার পরিমাণ কমতে পারে। তখন সামগ্রিকভাবে দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। তবে দেশের উত্তরে তাপমাত্রা তুলনামূলক কম ও শীতের অনুভূতি বেশি থাকতে পারে তখনো। 

এদিকে গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে।শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনো চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরেই ছিল। 

ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তখন সে অবস্থাকে শৈত্যপ্রবাহ বলা হয়।তবে এ রকম তাপমাত্রা যদি কয়েকটি অঞ্চলে টানা দুই-তিন দিন থাকে তখন আবহাওয়া অধিদপ্তর সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করে। ফলে যশোরে শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল রবিবার। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।


No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.